আলোকিত গণমাধ্যম

সিলোনীয়ায় বাসচাপায় শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনীর সিলোনীয়া বাজারে বাসচাপায় শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ, ফুটওভার ব্রিজ নির্মাণ, ফুটপাত দখলমুক্ত এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সিলোনীয়া হাইস্কুলের শিক্ষার্থীরা।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সিলোনীয়া বাজারে যানবাহনের চাপ ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বাজার এলাকায় নিরাপদে সড়ক পারাপারের জন্য দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ জরুরি। পাশাপাশি দখল হয়ে যাওয়া ফুটপাত উদ্ধার করে পথচারীদের চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।


শিক্ষার্থীরা আরও বলেন, বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। বিশেষ করে বিদ্যালয়ের সামনে ও আশপাশের সড়কে শিক্ষার্থীদের চলাচলের সময় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


মানববন্ধন থেকে বাসচাপায় নিহত ও আহত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে। তাই ফুটওভার ব্রিজ নির্মাণ, ফুটপাত দখলমুক্তকরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণসহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।


বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের এ মানববন্ধনে স্থানীয়দেরও উপস্থিতি ছিল। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।