ফেনীর তেমুহনীতে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার (১৯ জুলাই) সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পাঁচগাছিয়া বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।বক্তারা অভিযোগ করেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় বাজারসংলগ্ন ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে গেলেও নতুন করে কোনো ড্রেন নির্মাণ করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটুসমান পানি জমে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে।যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি বলেন, দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা ও ড্রেন নির্মাণ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। স্থানীয় জামায়াত নেতা জাহাঙ্গীর আলমও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।