আলোকিত গণমাধ্যম

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে কাজ করার প্রত্যয় ফেনীর নতুন ডিসির

 কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক ফেনীর সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার বিভিন্ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।সাংবাদিকরা ফেনীর উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।মতবিনিময় সভায় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় ও মনিটরিংয়ের পাশাপাশি নাগরিকরা যেন প্রয়োজনীয় সেবা নির্বিঘ্নে পান, সে ব্যবস্থা করা প্রশাসনের দায়িত্ব।তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, নিরাপত্তা, ড্রেনেজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যানজটসহ যেকোনো নাগরিক সেবা প্রাপ্তিতে যেন মানুষের সমস্যা না হয়, প্রশাসন সেভাবেই কাজ করবে।জেলা প্রশাসক আরও বলেন, এ কাজে সব সরকারি দপ্তরের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সঠিক তথ্য প্রশাসনের কাছে তুলে ধরলে সেসব সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করা হবে।জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে  কাজ করার প্রত্যয় ফেনীর নতুন ডিসির