ফেনীতে যুবলীগ নেতা বন্দুক নিজাম গ্রেপ্তার
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নিজাম উদ্দিন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর মধুয়াযই গ্রামের সংরক্ষিত মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেবুর নাহার বকুলের স্বামী। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। ওই মিছিলের অগ্রভাগে বন্দুক নিজাম ছিলেন।পরে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চরমধুয়াই গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।আওয়ামী লীগের ক্ষমতাকালীন বিভিন্ন সময়ে এলাকায় বন্দুক প্রদর্শনের ঘটনায় তাকে বন্দুক নিজাম বলেই সবাই চেনেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম যুবলীগ নেতা নিজামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসসহ নানা অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে।