সোনাগাজীতে জামায়াতের সম্মেলনে জনসেবা ও সাংগঠনিক প্রস্তুতির আহ্বান
সোনাগাজীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সোনাগাজী পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে উপজেলা ও পৌর পর্যায়ের পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা দায়িত্বশীল অংশগ্রহণ করেন।উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এজিএম বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খোন্দকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবু ইউছুফ এবং সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্লাহ। এছাড়া উপজেলা কর্মপরিষদের সদস্যরাও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা এইচআরডি সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমান ও বেলায়েত হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খোন্দকার বলেন, সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তিনি সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন।প্রধান বক্তা মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতের লক্ষ্য কেবল রাষ্ট্রক্ষমতা অর্জন নয়; বরং জনগণের সেবা ও কল্যাণে অবদান রাখা। তিনি বলেন, দলকে দেশ পরিচালনার উপযুক্ত করে গড়ে তুলতে সাংগঠনিক সক্ষমতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান, যাতে কোনো অপশক্তি বা দুর্বৃত্ত নির্বাচনী বিজয়কে বাধাগ্রস্ত করতে না পারে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থান উপলক্ষে মেডিকেল ক্যাম্প আয়োজন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের মতো জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।