দেশের তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পবান্ধব নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান। একই সঙ্গে গ্যাস সরবরাহ সংকট ও ব্যাংকিং খাতের জটিলতা দ্রুত নিরসনের আহ্বান জানান তিনি।
শুক্রবার রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত বার্ষিক অনুষ্ঠান-২০২৬-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজুমদার আরিফুর রহমান বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে প্রযুক্তিনির্ভর ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। উৎপাদনশীলতা বৃদ্ধি ও উদ্ভাবন ত্বরান্বিত করতে পোশাক শিল্পে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি বলেন, গ্যাস সংকট ও ব্যাংকিং খাতের জটিলতার কারণে উৎপাদন ব্যয় বাড়ছে এবং রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিল্পখাতের উদ্যোক্তা, নীতিনির্ধারক ও পেশাজীবীরা অংশ নেন। বক্তারা শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগবান্ধব নীতিমালা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন