জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা ও দ্বীনী শিক্ষার্থীদের অবদান স্মরণ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় ফেনীতে আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের মিলনায়তনে "জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম-ওলামার ভূমিকা" শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, ফেনী জেলা কার্যালয়।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম-ওলামাদের ভূমিকা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশ ও সমাজে ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব আরও সুদৃঢ় করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেন এবং নোয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফেনী জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু বকর সিদ্দিক।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের আলেম-ওলামা ও দ্বীনী শিক্ষার্থীরা ন্যায় ও সত্যের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই চেতনা ধারণ করে দেশপ্রেম, সম্প্রীতি ও নৈতিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে পবিত্র কোরআন খতম সম্পন্ন হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মোয়াজ্জম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের হিসাবরক্ষক মো. হেলাল উদ্দিন। এতে জেলার আলেম-ওলামা, ইমাম, দ্বীনী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন