বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও দলটি প্রতারণা করেছে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক ফাঁদ তৈরি করেছে, যেখানে অংশ নিলেও দোষ, আবার অংশ না নিলেও দোষ। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপির সুযোগ ছিল, কিন্তু দলটি সেই সুযোগ কাজে লাগায়নি বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে। এ নির্বাচনে জনগণ তাদের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ দলটির নেতাকর্মীরা।
সারজিস আলম
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
আপনার মতামত লিখুন