পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিপু সভাপতি, কামরুল অভিভাবক সদস্য
ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে একেএম ফজলুল হক টিপু এবং অভিভাবক সদস্য পদে কামরুল হাজারী নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে একেএম ফজলুল হক টিপু নির্বাচিত হন। একইসঙ্গে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ইউনিয়ন সহ-সভাপতি কামরুল হাজারী।
নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি একেএম ফজলুল হক টিপু বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিই হবে আমাদের প্রধান লক্ষ্য।
অভিভাবক সদস্য কামরুল হাজারীও বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের প্রত্যাশা, নতুন কমিটির সমন্বিত উদ্যোগে পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন