পরশুরাম উপজেলার দক্ষিণ কাউতলী সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ‘বিটুমিন প্রাইম কোড’ না দিয়েই সড়কের কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির স্থায়িত্ব ও মজবুতি নিশ্চিত করতে কার্পেটিংয়ের আগে নিয়ম অনুযায়ী বিটুমিন প্রাইম কোডের স্তর দেওয়া অত্যন্ত জরুরি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের প্রাইম কোড ছাড়াই ফাঁকা রাস্তার ওপর তড়িঘড়ি করে কাজ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, যথাযথ নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক অল্প দিনেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি অর্থ অপচয় ও কাজের মানহীনতার বিষয়টি নিয়ে বর্তমানে চরম অসন্তোষ বিরাজ করছে।
ফুলগাজী উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা পরশুরাম উপজেলায় অতিরিক্ত দায়িত্ব থাকা মোঃ ইসলাম হোসেন বলেন, বিটুমিন প্রাইম কোড দেয়া হয়েছিল বৃষ্টি হওয়াতে বিটুমিন গুলো উঠে গেছে, যে সকল স্থান থেকে বিটুমিন উঠে গেছে পুনরায় বিটুমিন দিয়ে কাজ করা হবে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অনিয়ম বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ে সরেজমিনে তদন্ত করে সঠিক বিটুমিন কোড প্রয়োগসহ সড়কের সিডিউল অনুযায়ী গুণগত মান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন